নিউজ প্রবাসী ডেস্ক:
আগামী আইপিএল আসরের মিনি নিলামে অংশ নিতে নিবন্ধন করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাহিদ রানার মতো পরিচিত মুখ।
গত আসরে ৯ কোটি ২০ লাখ রুপির রেকর্ড মূল্যে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে তাঁকে স্কোয়াড থেকে বাদ দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে উত্তেজনা আরও বাড়ে।
এরপর বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ এবং ভারতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি সামনে আসে। সেই প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার।
তবে আগামী আইপিএল আসরে আবারও খেলার আগ্রহ দেখিয়েছেন মুস্তাফিজ। এরই মধ্যে তিনি মিনি নিলামের জন্য নিজের নাম নিবন্ধন করেছেন। আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইপিএলের এই নিলাম। এ উপলক্ষে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছিল বিসিসিআই।
মুস্তাফিজের পাশাপাশি হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাহিদ রানাসহ আরও কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার নিলামে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে আসন্ন নিলামে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটারের নিবন্ধনের সুযোগ রয়েছে।
গত আইপিএল আসরের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম থাকলেও শেষ পর্যন্ত দল পেয়েছিলেন শুধু মুস্তাফিজুর রহমান। এবার নিলামে নিবন্ধিত ক্রিকেটারদের মধ্যে কারা দল পান, সেটিই এখন দেখার বিষয়।