নিউজ প্রবাসী ডেক্স :
যুব এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী শনিবার (১৪ নভেম্বর) ফাইনালে ট্রফির লড়াইয়ে নামবে দল দুটি। সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। অন্যদিকে আফগানিস্তানকে ৮ উইকেটে পরাজিত করে শিরোপার মঞ্চ নিশ্চিত করেছে ভারত।
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টসের পর ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ফরিদ হাসানের দল। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার আব্দুল্লাহ আর মুহি। রাকিবুল হাসান ২৬ এবং আল রাফি করেন ২০ রান।
জবাবে ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা করে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১২৩ রান যোগ করেন দুই ওপেনার। হায়াম খান ৬৯ রান করে ফিরলেও উসমান খান ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। আব্দুল কাদিরকে সঙ্গে নিয়ে মাত্র এক উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে পাকিস্তান।
অন্য সেমিফাইনালে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে। নোমান সালারজাই ও শাহ ফয়সাল রাহিমি দুজনই করেন ৫১ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আধিপত্য দেখায় ভারত। উদ্বোধনী জুটিতে লক্ষয় রাইচন্দন ও আর্যবীর শেবাগ যোগ করেন ১১৭ রান। রাইচন্দন ৯০ বলে ৯৩ রান করে আউট হন। শেবাগের ব্যাট থেকে আসে ৫১ রান।
পরবর্তী সময়ে ভিকে ভিনেথ ও ইয়াসবর্ধন চৌহান অবিচ্ছিন্ন থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ভিনেথ ৫৭ রানে অপরাজিত থাকেন, আর চৌহানের সংগ্রহ ১৬ রান। ফলে ৮ উইকেটের জয় নিয়ে ফাইনালে জায়গা করে নেয় ভারত।
এবার যুব এশিয়া কাপের শিরোপা নির্ধারণী লড়াইয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি হলেও সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।