নিউজ প্রবাসী ডেস্ক:
২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। তবে সাত বছর পূর্ণ হলে প্রথম শ্রেণিতে ভর্তির সুযোগ থাকবে না। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়ার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে প্রতিটি শ্রেণির প্রতি শাখায় সর্বোচ্চ ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।
বুধবার (১১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা জারি করে এসব নির্দেশনা দিয়েছে।
নীতিমালা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি শিশুর বয়স ছয় বছর বা তার বেশি এবং সাত বছরের কম হতে হবে। সে হিসাবে প্রথম শ্রেণিতে ভর্তির যোগ্য হতে শিশুর জন্ম হতে হবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত ছাড় দেওয়া যাবে। তবে এ সুবিধা পেতে সংশ্লিষ্ট শিক্ষার্থীর প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিতে হবে।
ভর্তি নীতিমালায় আরও বলা হয়েছে, কোনো শ্রেণির একেকটি শাখায় ৫৫ জনের বেশি শিক্ষার্থী রাখা যাবে না। বিদ্যালয়গুলোকে তাদের আসনসংখ্যা বিবেচনায় নিয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন শ্রেণিতে খালি থাকা আসনের চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে।
নীতিমালায় শিক্ষাবর্ষের সময়সীমা ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত শূন্য আসনের অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করতে পারবে না কোনো শিক্ষাপ্রতিষ্ঠান।