কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে ৩ শতাংশের বেশি। সরবরাহ স্বাভাবিক হওয়ার খবরে বিশ্ববাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বাজারের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে নেমেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ। এতে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭২ ডলার।
এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চতুর্থ প্রান্তিকে বৈশ্বিক তেলের বাজার আবারও উদ্বৃত্ত অবস্থায় ফিরতে পারে।
বিশ্লেষকদের মতে, সরবরাহ পরিস্থিতির উন্নতি এবং বাজারে উদ্বৃত্তের পূর্বাভাস আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে আরও প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল জাজিরা