ডেস্ক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সরকার আগের অবস্থানেই অনড় রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। তিনি বলেছেন, দণ্ডিত আসামি শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট এবং এ নিয়ে নতুন কোনো পরিবর্তন হয়নি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘মুসলিম এইড ইউকে’ আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকার আগে যে অবস্থান জানিয়েছে, সেটিই বহাল রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও অ্যাকসিলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবীর জানান, সেখানে মূলত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে।
এর আগে অনুষ্ঠানে প্রায় ১৯ হাজার প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপনী ও কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু প্রশিক্ষণ দিলেই দায়িত্ব শেষ হয় না। অর্জিত দক্ষতাকে কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি এবং টেকসই আয়ের সুযোগে রূপ দিতে হবে। প্রশিক্ষণের বিষয়বস্তু দেশের অর্থনীতি ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়াও জরুরি।
তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের জন্য অর্থবহ কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা প্রয়োজন। এ ক্ষেত্রে প্রশিক্ষণ প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, নিয়োগকর্তা এবং বেসরকারি খাতের মধ্যে কার্যকর সহযোগিতা বাড়াতে হবে।
বিশেষ করে তরুণদের নতুন উদ্যোগ গ্রহণ, নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।