ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণাঙ্গ অধিদপ্তরে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রস্তাবিত রূপান্তর কাঠামো ও সাংগঠনিক রূপরেখা তৈরি করে প্রতিষ্ঠানের মহাপরিচালকের কাছে জমা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন অফিসার্স অ্যাসোসিয়েশন। সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর কাছে প্রস্তাবিত রূপান্তর কাঠামো হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত রূপান্তর কাঠামোর পাশাপাশি পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে।

অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রস্তাবে প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম, জনবল, প্রশাসনিক ব্যবস্থাপনা, সাংগঠনিক সক্ষমতা এবং ভবিষ্যৎ দায়িত্বের পরিধি বিবেচনায় নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে নতুন সাংগঠনিক কাঠামো তৈরির বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, অধিদপ্তরে রূপান্তর সম্পন্ন হলে ইসলামিক ফাউন্ডেশনের প্রশাসনিক ক্ষমতা ও কার্যক্রম পরিচালনায় গতি আসবে। বিশেষ করে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে দাপ্তরিক সমন্বয়, জনবল ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা বাড়বে। পাশাপাশি সরকারি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও প্রতিষ্ঠানটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

উল্লেখ্য, দেশের ধর্মীয়, সামাজিক, শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে ইসলামিক ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা, ইমাম প্রশিক্ষণ, ইসলামী গবেষণা ও প্রকাশনা, পবিত্র কোরআন-হাদিসবিষয়ক গবেষণা এবং ধর্মীয় সম্প্রীতি ও মূল্যবোধের বিকাশ। হজ ব্যবস্থাপনায় সহযোগিতা এবং মসজিদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচিও পরিচালনা করে প্রতিষ্ঠানটি।

প্রস্তাবিত কাঠামো হস্তান্তরের পর এখন সেটি পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের পর্যায়ে যাবে। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম তৈরি করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন হলে ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts