নিউজ প্রবসী ডেক্স:
রোহিঙ্গা সংকট সমাধানে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে মিয়ানমারে তাদের ফেরত পাঠানোর পক্ষে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে জর্ডান। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শ্রম, সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে ঢাকা ও আম্মান।
বুধবার (১৮ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মানে বাংলাদেশ ও জর্ডানের মধ্যে দ্বিতীয় দফার রাজনৈতিক পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম। জর্ডানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির এশিয়া, ওশেনিয়া ও আফ্রিকাবিষয়ক বিভাগের পরিচালক রাষ্ট্রদূত মুহাম্মদ আবু ওয়ান্দি। বৈঠকে জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নূর-ই-হেলাল সাইফুর রহমানও উপস্থিত ছিলেন।
বৈঠকে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারে একটি যৌথ বিজনেস ফোরাম গঠনের বিষয়ে সম্মতি জানানো হয়। পাশাপাশি ফসফেট, সার ও সংশ্লিষ্ট রাসায়নিক খাতে সহযোগিতার সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং জর্ডান ফসফেট মাইনস কোম্পানির মধ্যে আগে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৈরি পোশাক ও ওষুধশিল্পেও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
শ্রম খাতে সহযোগিতা বাড়াতে যৌথ শ্রমবিষয়ক কমিটি সক্রিয় করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। এ ক্ষেত্রে জর্ডানে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের বৈধতা দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। দেশটির বিভিন্ন খাত, বিশেষ করে তৈরি পোশাকশিল্পে বাংলাদেশি শ্রমিকদের অবদানের প্রশংসা করে জর্ডান।
এ ছাড়া প্রতিরক্ষা সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, সংস্কৃতি, পর্যটন ও যোগাযোগ খাতের বিষয়গুলোও আলোচনায় স্থান পায়। ঢাকায় জর্ডানের একটি আবাসিক দূতাবাস চালুর অনুরোধ জানায় বাংলাদেশ। জবাবে জর্ডান জানায়, বিষয়টি তারা সক্রিয়ভাবে বিবেচনা করছে।
আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনায় ফিলিস্তিনের পক্ষে জর্ডানের অবস্থানের প্রশংসা করে বাংলাদেশ। একই সঙ্গে ন্যায়সংগত ও স্থায়ী দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করে ঢাকা। অন্যদিকে, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের বিষয়ে বাংলাদেশের পাশে থাকার অবস্থান জানায় জর্ডান।
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও কার্যকর করতে সংসদীয় কূটনীতির ওপর গুরুত্ব দেন দুই দেশের প্রতিনিধিরা। পাশাপাশি বিভিন্ন চুক্তি ও সমঝোতা স্মারক দ্রুত চূড়ান্ত করার বিষয়েও ঐকমত্য হয়। নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে রাজনৈতিক পরামর্শবিষয়ক একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।
এর আগে আম্মানে জর্ডান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেন ড. নজরুল ইসলাম। সেখানে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, দ্বিতীয় দফার এই রাজনৈতিক পরামর্শ বৈঠক বাংলাদেশ-জর্ডান সম্পর্ককে আরও গতিশীল করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।