নিউজ প্রবাসী ডেস্ক

বইয়ের মতো ভাঁজ করা যায়—এমন নতুন স্মার্টফোন আনতে যাচ্ছে মটোরোলা। ‘রেজর ফ্লেক্স’ নামে বাজারে আসতে পারে প্রতিষ্ঠানটির পরবর্তী প্রজন্মের এই ফোল্ডেবল ফোন। সম্প্রতি ফাঁস হওয়া ছবি ও তথ্য থেকে ডিভাইসটির নকশা, সম্ভাব্য রং এবং কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে নতুন ফোল্ডেবল রেজর ফোনের আভাস দিয়েছিল মটোরোলা। সে সময় ফোনটি শুধু ছায়া-আকৃতিতে দেখানো হয়। তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্যামিগুরু সম্প্রতি ফোনটির সম্ভাব্য ছবি প্রকাশ করেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ফোনটির দুটি রঙের সংস্করণ আসতে পারে। একটি হবে গাঢ় সবুজ, যার পেছনের অংশে কাপড়ের মতো বুননযুক্ত ফিনিশ থাকবে। অন্য সংস্করণটি হতে পারে হালকা বাদামি বা বেইজ রঙের, যার পেছনে থাকবে চামড়ার মতো আবরণ।

নকশার দিক থেকে ফোনটি স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড সিরিজ কিংবা আলোচিত আইফোন ডুওর সঙ্গে সাদৃশ্যপূর্ণ হতে পারে। ভাঁজ করা অবস্থায় বাইরের পর্দাটি হবে প্রায় চৌকো আকৃতির। খুললে ভেতরের বড় পর্দা ট্যাবলেটের মতো বিস্তৃত হবে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটির বাইরের পর্দার আকার হতে পারে প্রায় ৫ ইঞ্চি এবং ভেতরের পর্দা ৬ দশমিক ৯ ইঞ্চি। পেছনের ক্যামেরা বারটি বড়ি-আকৃতির হতে পারে, যেখানে দুটি ক্যামেরা ও একটি ফ্ল্যাশ থাকবে। দুই পর্দাতেই থাকতে পারে পাঞ্চ-হোল ক্যামেরা।

স্যামিগুরুর প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে ফোনটির সম্ভাব্য খুচরা দাম প্রায় ১ হাজার ৭০০ ডলার হতে পারে। তবে এ দাম বা অন্যান্য বৈশিষ্ট্যের বিষয়ে মটোরোলা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

ফাঁস হওয়া তথ্যের যথার্থতা নিয়েও সতর্ক থাকার পরামর্শ রয়েছে। কারণ, মটোরোলার আগের ফোল্ডেবল মডেল রেজর ফোল্ডের রং ও ফিনিশের সঙ্গে নতুন ফোনের সম্ভাব্য নকশার বেশ পার্থক্য দেখা যাচ্ছে।

সেপ্টেম্বরের টিজার প্রকাশের পর নতুন ডিভাইসটি নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য দেয়নি মটোরোলা। ফলে ফোনটির চূড়ান্ত নাম, নকশা, দাম ও বাজারে আসার সময় জানতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts