নিউজ প্রবাসী ডেস্ক
রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা ও আবাসন সংকটের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমির ওপর পরিকল্পিত সেকেন্ডারি সিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। নাগরিক সুযোগ-সুবিধাসম্পন্ন আধুনিক জনবসতি গড়ে তুলে ঢাকার বাইরে বসবাসের বিকল্প ব্যবস্থা তৈরি করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ (জাগৃক) সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি এবং উত্তর ও দক্ষিণ বাহেরচর এলাকায় সম্ভাব্য প্রকল্পের স্থান চিহ্নিত করা হয়েছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মনদীপ ঘরাই জানান, প্রস্তাবিত এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে অবস্থিত। রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ করতে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক রাখার প্রস্তাব রয়েছে।
তিনি জানান, প্রকল্পটি এখনো পরিকল্পনার পর্যায়ে রয়েছে। সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনা তৈরির পর আবাসনের সংখ্যা, নির্মাণব্যয় এবং বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, রাজধানীর আবাসন চাপ কমাতে আশপাশের এলাকায় পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাসের সুযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে। এ লক্ষ্যে টঙ্গীতে পৃথক আবাসন উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় থাকার ব্যবস্থা থাকবে।
কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী জানান, সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কেরানীগঞ্জে সেকেন্ডারি সিটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষা ও সরকারি সিদ্ধান্তের ভিত্তিতে সব শ্রেণির মানুষের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধাসম্পন্ন নিরাপদ আবাসিক এলাকা গড়ে তোলার প্রকল্প প্রস্তাব তৈরি করা হচ্ছে।
জাগৃকের নথি অনুযায়ী, সরকারের অগ্রাধিকারভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৬ এপ্রিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট সিলেকশন কমিটি সরেজমিনে প্রস্তাবিত এলাকা পরিদর্শন করে।
পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এলাকার মাত্র ৫ থেকে ৮ শতাংশ জায়গায় বসতবাড়ি রয়েছে। বাকি অংশের অধিকাংশই এক ফসলি কৃষিজমি। এলাকাটির পূর্ব পাশে প্রায় আড়াই কিলোমিটার দূরে বুড়িগঙ্গা এবং পশ্চিমে প্রায় দুই কিলোমিটার দূরে ধলেশ্বরী নদী প্রবাহিত হয়েছে।
প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাস চালু হলে আমিনবাজার থেকে ঢাকা-আরিচা মহাসড়ক, ঢাকা-মাওয়া মহাসড়ক ও মোহাম্মদপুরের সঙ্গে যোগাযোগব্যবস্থা আরও উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে এলাকাটিকে পরিকল্পিত আবাসন প্রকল্পের জন্য উপযোগী বলে বিবেচনা করছে কর্তৃপক্ষ।
এদিকে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৫টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পের আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। এর মধ্যে দুটি প্রকল্প সরকারি অর্থায়নে এবং ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।
এ ছাড়া নতুন আরও নয়টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জের পাশাপাশি ধামরাইয়েও সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে বহুতল ভবনের পাশাপাশি ভূমিকম্প সহনশীল স্থাপনা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, জলাধার, সবুজ পার্ক, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান রাখার ওপর গুরুত্ব দিচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। পাশাপাশি সাশ্রয়ী আবাসন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে নিরাপদ বসবাসের পরিবেশ তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।