নিউজ প্রবাসী ডেস্ক
দেশের অনলাইনভিত্তিক ব্যবসা খাতকে আনুষ্ঠানিক কর কাঠামোর আওতায় আনতে উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের জন্য চিহ্নিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই।
এনবিআরের ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর বিস্তারিত তথ্য ইতিমধ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়েছে। তালিকায় প্রচলিত ই-কমার্স প্রতিষ্ঠানের পাশাপাশি ফেসবুকনির্ভর এফ-কমার্স ব্যবসাও রয়েছে।
ভ্যাট গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগেরই বিআইএন নেই। পাশাপাশি অনেক ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে ব্যবসা পরিচালনার নিয়মকানুন সম্পর্কেও অবগত নন। বিশেষ করে বাসায় বসে অনলাইনে পণ্য বিক্রি করেন—এমন অনেক গৃহিণীর ব্যবসাও এখনো আনুষ্ঠানিক অর্থনৈতিক কাঠামোর বাইরে রয়েছে।
ওই কর্মকর্তার ভাষ্য, অনলাইন ব্যবসাকে নিয়মের আওতায় আনার ক্ষেত্রে সচেতনতা ও আগ্রহের ঘাটতি রয়েছে। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। তবে ভ্যাট কমিশনারেটগুলো পাঠানো তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে।
ই-কমার্স ও কুরিয়ার সেবা খাত নিয়ে পরিচালিত একটি গবেষণার ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণায় খাত দুটিকে রাজস্ব আদায়ের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়।
ভ্যাট গোয়েন্দা বিভাগের কর্মকর্তার মতে, একটি অনলাইন প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ তুলনামূলক কম হলেও সম্মিলিতভাবে এ খাতের আর্থিক কর্মকাণ্ডের পরিসর অনেক বড়। এসব ব্যবসা আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় এলে প্রকৃত লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রমের হিসাব পাওয়া সম্ভব হবে। পাশাপাশি দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) পরিমাপেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।