নিউজ প্রবাসী ডেস্ক
পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধির প্রেক্ষাপটে নিজেদের পশ্চিম সীমান্তের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ভারত। এ লক্ষ্যে আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) এলাকায় পঞ্চম এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দেশটি।
ভারতের দুই শীর্ষ সরকারি কর্মকর্তার বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের ৭৪০ কিলোমিটার দীর্ঘ নিয়ন্ত্রণরেখার নিরাপত্তা জোরদার করতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাকিস্তানকে চীন ও তুরস্কের সামরিক সরঞ্জাম সরবরাহ, যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমানের আধুনিকায়ন এবং সৌদি আরবের আর্থিক সহায়তার বিষয়গুলো বিবেচনায় নিয়ে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে ভারতের পাঞ্জাব, রাজস্থান ও গুজরাটে তিনটি দূরপাল্লার এস-৪০০ ব্যবস্থা মোতায়েন রয়েছে। এ ছাড়া অরুণাচল প্রদেশের ১ হাজার ১২৬ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) সুরক্ষায় চতুর্থ ব্যবস্থাটি আসামে স্থাপন করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী মাসে ভারতীয় বিমানবাহিনীর একটি প্রাক-সরবরাহ পরিদর্শক দল রাশিয়া সফর করবে। পরিদর্শনসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হলে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে পঞ্চম এস-৪০০ ব্যবস্থা সীমান্তে মোতায়েনের জন্য প্রস্তুত হতে পারে।
এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ৪০ থেকে ৪০০ কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, মনুষ্যবিহীন আকাশযান, কামিকাজে ড্রোন এবং লয়টারিং অ্যামিউনিশন ধ্বংস করতে সক্ষম বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
‘অপারেশন সিঁদুর’-এর সময় এই প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা প্রদর্শিত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সূত্র। ওই অভিযানে পাকিস্তানের ছোড়া কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা রকেট ভারতের ভূখণ্ডে আঘাত হানতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ২০২৭ সালে পাকিস্তানকে চীনের পঞ্চম প্রজন্মের জে-৩৫ যুদ্ধবিমান সরবরাহের পরিকল্পনার বিষয়টিও ভারতের সামরিক প্রস্তুতিতে গুরুত্ব পাচ্ছে। চীনের পিএল-১৫ ই দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং এইচকিউ-৯বিই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোকাবিলায় নিজস্ব দূরপাল্লার স্ট্যান্ড-অফ অস্ত্র ও লয়টারিং অ্যামিউনিশন তৈরি এবং সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
ভারতের এক শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, ভবিষ্যতের যুদ্ধে সরাসরি সংঘর্ষের পরিবর্তে দূরপাল্লার স্ট্যান্ড-অফ অস্ত্রের ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যেসব দেশের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা থাকবে, তারা সামরিকভাবে এগিয়ে থাকবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান অর্থনৈতিক সংকটে থাকলেও চীনের কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলারের বেশি ব্যয়ে আটটি ইউয়ান শ্রেণির ডিজেলচালিত অ্যাটাক সাবমেরিন কিনছে। এর মধ্যে একটি ২০২৬ সালের জুনে পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হয়েছে। পাশাপাশি তুরস্ক পাকিস্তানের অগস্তা-৯০বি সাবমেরিন আধুনিকায়ন করছে এবং দূরপাল্লার কামিকাজে ড্রোন সরবরাহ করছে। চীনও পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম উইং লুং-২ ড্রোন দিয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন।