নিউজ প্রবাসী ডেস্ক :

সীমান্তের ওপার থেকে একটি অপশক্তি অডিও-ভিডিও ও গুজব ছড়িয়ে বাংলাদেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে অপচেষ্টা চলছে, তা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। তবে আইনানুগ ও শান্তিপূর্ণ পন্থায় ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হবে।

বিগত ১৬-১৭ বছরের শাসনামলের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ওই সময়ে আলেম-ওলামারা বৈষম্য ও নির্যাতনের শিকার হয়েছেন। বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের রক্ত ঝরেছে এবং শাপলা চত্বরে মাদ্রাসার শিক্ষার্থী ও আলেমদের ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে তাঁদের দাবি আদায় করেছেন। তবে কিছু দুষ্কৃতকারী এখনো শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে উসকানি দিচ্ছে।

থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে আগুন দেওয়ার নির্দেশনা ও উসকানি দেওয়া হচ্ছে। দেশের ভেতরে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিদেরও এসব কর্মকাণ্ডে উৎসাহিত করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পতিত স্বৈরাচারকে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। অতীতে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের যে ঘটনা ঘটেছে, তার পুনরাবৃত্তিও ঠেকানো হবে।

রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী কোনো শক্তি দেশে রাজনীতি করার সুযোগ চাইলে সেই প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের নাগরিকদের সম্মিলিতভাবে যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts