নিউজ প্রবাসী ডেক্স :

২০২৬ ফুটবল বিশ্বকাপের ‘এফ’ গ্রুপে দাপুটে পারফরম্যান্স অব্যাহত রেখে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস। এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে রোনাল্ড কুমানের দল।
ক্যানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ডাচরা। ম্যাচের তৃতীয় মিনিটেই তিউনিসিয়ার অধিনায়ক ইলিয়াস স্কিহিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এরপর সপ্তম মিনিটে ব্রায়ান ব্রবির দুর্দান্ত ভলিতে ব্যবধান দ্বিগুণ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে হাজেম মাস্তুরি একটি গোল শোধ করে তিউনিসিয়াকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে ৬২তম মিনিটে ইয়ান পল ফন হেকের হেডে নেদারল্যান্ডস তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে।
এই জয়ের ফলে নেদারল্যান্ডস গ্রুপ সেরা হয়ে ব্রাজিলকে এড়িয়ে শেষ বত্রিশে মরক্কোর বিপক্ষে খেলবে। একই গ্রুপ থেকে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে জাপান। আর ৪ পয়েন্ট নিয়ে সেরা তৃতীয় স্থানাধিকারী দল হিসেবে পরের পর্বে জায়গা করে নিয়েছে সুইডেন। তিন ম্যাচেই হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তিউনিসিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts