
নিউজ প্রবাসী ডেক্স :
দীর্ঘ প্রক্রিয়া শেষে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ৫২১ জনকে সরকারি চাকরিতে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
রোববার বিকেলে প্রকাশিত ফলাফলে দেখা যায়, সুপারিশপ্রাপ্তদের মধ্যে ১ হাজার ৩২০ জন বিভিন্ন ক্যাডার পদে এবং ২০১ জন নন-ক্যাডার পদে মনোনীত হয়েছেন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, মৌখিক পরীক্ষাসহ সব ধাপ সম্পন্ন করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় ২০২৪ সালের ২৮ নভেম্বর। তবে পরবর্তী সময়ে সংশোধিত বিজ্ঞপ্তিতে আবেদন ফি কমানোর পাশাপাশি মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে ১০০-তে নামিয়ে আনা হয়। ফলে মোট নম্বরও ১১০০ থেকে কমে ১০০০ নির্ধারণ করা হয়। এ বিসিএসে প্রথমবারের মতো প্রার্থীদের আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছিল।
প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—তিন ধাপের পরীক্ষা শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। শুরুতে ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগের পরিকল্পনা থাকলেও চূড়ান্ত সুপারিশে মোট ১ হাজার ৫২১ জন স্থান পেয়েছেন।