নিউজ প্রবাসী ডেক্স :
টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের পাঁচটি নদীর পানি নয়টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে আরও কয়েকটি নদীর পানি সতর্কসীমায় পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শুক্রবার সকাল ৯টার বুলেটিন অনুযায়ী, সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার এবং দোহাজারী পয়েন্টে ২৩ সেন্টিমিটার ওপরে রয়েছে। মাতামুহুরী নদীর পানি লামা পয়েন্টে ৪৭ সেন্টিমিটার ও চিরিঙ্গা পয়েন্টে ৩২ সেন্টিমিটার বিপৎসীমা অতিক্রম করেছে।
এছাড়া কুশিয়ারা নদীর পানি মারকুলি পয়েন্টে ১৮ সেন্টিমিটার এবং ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। মনু নদীর পানি মৌলভীবাজার রেলব্রিজ পয়েন্টে ৩৫ সেন্টিমিটার ও মৌলভীবাজার পয়েন্টে ৮০ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে রয়েছে। হবিগঞ্জের বল্লা পয়েন্টে খোয়াই নদীর পানিও বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।
এদিকে তিস্তা, সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী ও ছোট ফেনীসহ কয়েকটি নদীর পানি সতর্কসীমায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এসব নদীর পানি আরও বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট এলাকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।