নিউজ প্রবাসী ডেক্স :

জাপান ও তাইওয়ান পেরিয়ে ঝড়ের গতিপথ চীনের দিকে; ফিলিপিন্সে বৃষ্টি-বন্যায় প্রাণহানি ১৭
চীনের পূর্বাঞ্চলে শক্তিশালী টাইফুন ‘বাভি’র আঘাত হানার আশঙ্কায় ঝেজিয়াং ও ফুজিয়ান প্রদেশ থেকে ছয় লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়টি রোববার ভোরে ওয়েনঝো ও আশপাশের এলাকায় আঘাত হানতে পারে।
এর আগে টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া সৃষ্টি করে। পরে এটি তাইওয়ানের উত্তরাঞ্চল অতিক্রম করে চীনের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় ঝড়টির গতি কিছুটা কমলেও এতে থাকা বিপুল জলীয় বাষ্পের কারণে ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঝেজিয়াং প্রদেশ থেকে পাঁচ লাখের বেশি এবং পার্শ্ববর্তী ফুজিয়ান প্রদেশ থেকে এক লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে বিভিন্ন এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে, তাইওয়ানে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও পাহাড়ি এলাকা থেকে ১৪ হাজারের বেশি মানুষকে আগেই সরিয়ে নেওয়া হয়। অন্যদিকে ফিলিপিন্সে টাইফুন ‘বাভি’ ও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট ভারি বৃষ্টি ও বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উপকূলীয় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts