নিউজ প্রবাসী ডেক্স :
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দেওয়ার পর ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের দাবি, একটি জাহাজ অনুমোদিত রুট ছেড়ে যাওয়ায় সেটিতে হামলা চালানো হয়।
এর জবাবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি জিএফএস গ্যালাক্সিতে হামলার পর ইরানের বিভিন্ন স্থাপনায় চলতি সপ্তাহে তৃতীয় দফা সামরিক অভিযান চালানো হয়েছে।
সেন্টকমের ভাষ্য, হামলায় জাহাজটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন নাবিক নিখোঁজ রয়েছেন। তবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওই নাবিক একটি লাইফবোটে নিরাপদে আছেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, “ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখন তার মূল্য দিতে হবে।” অন্যদিকে আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি বন্ধের সুযোগে যুক্তরাষ্ট্র নতুন কোনো আগ্রাসন চালালে কঠোর জবাব দেওয়া হবে।
এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
হরমুজ প্রণালিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে বিবেচনা করা হয়। এ পথ বন্ধ থাকলে আন্তর্জাতিক তেল সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts