নিউজ প্রবাসী ডেক্স :
টানা ভারি বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রোববার সকাল থেকে দৈনিক বাংলা, ফকিরাপুল, আরামবাগ, যাত্রাবাড়ী, শনির আখড়া, খিলক্ষেত, বনানী, কাকরাইল, শান্তিনগর, মতিঝিলসহ বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারি বৃষ্টির কারণে অনেক এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কোথাও কোথাও রিকশা ও ভ্যানচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করেন।
জলাবদ্ধতার কারণে সচিবালয়সহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ভেতরেও পানি প্রবেশ করে। তবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকলেও স্টেশনগুলোতে যাত্রীর চাপ ছিল বেশি।
বৈরি আবহাওয়ার কারণে রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান অর্ধবার্ষিক ও অন্যান্য পরীক্ষা স্থগিত করেছে। নগরবাসী দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।