নিউজ প্রবাসী ডেক্স :
দেশের চলমান বন্যা পরিস্থিতিতে চট্টগ্রামের দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। ব্যক্তিগত উদ্যোগে আর্থিক অনুদান দিয়ে তিনি বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন।
জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী এলাকায় ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া এক ভক্তের সঙ্গে যোগাযোগ করে তৌসিফ মাহবুব আর্থিক সহায়তা প্রদান করেন। ওই অর্থ দিয়ে প্রায় এক হাজার বন্যাদুর্গত মানুষের মধ্যে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ এবং নারীদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে।
বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত। এ দুর্যোগে অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকার মতো তৌসিফ মাহবুবও দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী মোহাম্মদ ইমন জানান, আগামী মঙ্গলবার তাঁরা বাঁশখালী এলাকায় গিয়ে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।
এ বিষয়ে তৌসিফ মাহবুব প্রচারের চেয়ে মানবিক দায়িত্বকেই বেশি গুরুত্ব দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, মানুষের ভালোবাসার প্রতিদান হিসেবে মানুষের জন্য কিছু করতে পারাটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। পাশাপাশি তিনি সামর্থ্যবান সবাইকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।