নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল বা নতুন করে চুক্তি করার কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নৌমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) আইনের আওতায় স্বচ্ছ প্রক্রিয়ায় এই কনসেশন চুক্তি সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতার ভিত্তিতে বাস্তবায়িত হচ্ছে। ফলে চুক্তি বাতিল বা পুনঃচুক্তির কোনো সিদ্ধান্ত সরকারের নেই।
তিনি জানান, প্রকল্পে প্রায় ৫৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। এর মধ্যে তিন বছর টার্মিনাল নির্মাণ এবং পরবর্তী ৩০ বছর পরিচালনার জন্য চুক্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে। প্রয়োজন হলে আরও ১৫ বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।
মন্ত্রী আরও বলেন, ২০২১ সালে বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ধারাবাহিকতায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই ও অনুমোদনের সব ধাপ সম্পন্ন করে ২০২৫ সালের নভেম্বরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও এপিএম টার্মিনালসের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
তিনি বলেন, কর্ণফুলী নদীর তীরে লালদিয়া এলাকায় নির্মাণাধীন টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের কনটেইনার পরিচালনার সক্ষমতা বাড়বে, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আধুনিক বন্দর ব্যবস্থাপনার প্রযুক্তি দেশে স্থানান্তরের সুযোগ তৈরি হবে।