নিউজ প্রবাসী ডেস্ক :

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বন্দর শ্রমিক-কর্মচারীরা। সরকারের পক্ষ থেকে আলোচনার উদ্যোগ না নেওয়া হলে আগামী ১৯ অক্টোবর থেকে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন তাঁরা।

সোমবার (১২ অক্টোবর) বন্দর এলাকার ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রাঙ্গণে প্রতীকী গণঅনশন কর্মসূচি শেষে এ ঘোষণা দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিল এবং শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তা।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বলেন, আলোচনার জন্য সরকারকে ১৮ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে কার্যকর উদ্যোগ না এলে ১৯ অক্টোবর একই স্থানে আমরণ অনশন শুরু করবেন তাঁরা।

এর আগে বেলা ১১টার পর বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আয়োজনে প্রতীকী গণঅনশন শুরু হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, আলোচনার জন্য সরকারকে আগে সময় দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায়নি। এ কারণে তাঁরা অনশনে যেতে বাধ্য হয়েছেন। সরকার আলোচনায় না এলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি জানান।

হুমায়ুন কবিরের দাবি, জিবুতিসহ বিভিন্ন দেশে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের নজির রয়েছে। সেই উদাহরণ সামনে রেখে এনসিটি পরিচালনার চুক্তিও বাতিলের আহ্বান জানান তিনি।

ইব্রাহিম খোকন বলেন, এনসিটি পরিচালনা নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়বস্তু সম্পর্কে শ্রমিকদের স্পষ্ট ধারণা নেই। তাঁর অভিযোগ, দেশের জনগণও চুক্তির বিস্তারিত জানে না। তাই চুক্তিটি বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা।

গত বৃহস্পতিবার ঢাকায় ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে এনসিটি পরিচালনার জন্য ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ঈসা কাজিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের দিন বিকেলেই বন্দর ভবনের প্রধান প্রবেশপথের কাছে বিক্ষোভ মিছিল থেকে অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। এরপর সোমবার প্রতীকী গণঅনশনের মধ্য দিয়ে পরবর্তী কর্মসূচি সামনে আনা হলো।

গণঅনশনে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত, জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার, বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সেলিম, বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সদস্যসচিব ফজলুল কবীর মিন্টু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি অশোক সাহা এবং বাসদ নেতা আল কাদেরী জয়সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

সরকারের সঙ্গে আলোচনার জন্য ১৮ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না এলে ১৯ অক্টোবর থেকে তাঁদের ঘোষিত আমরণ অনশন কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts