নিউজ প্রবাসী ডেক্স ॥
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দিনভর আন্দোলনের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের পুলিশ সরিয়ে দিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে সড়ক থেকে সরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ ভবনের বটতলা গেট এলাকায় অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া দেয়। এ সময় আন্দোলনকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে সরে যান। পরে পুলিশ সড়কে দেওয়া ব্যারিকেড অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা মানিক মিয়া অ্যাভিনিউয়ের উভয় পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে আসাদগেট, খামারবাড়ি ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অবস্থানের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন প্রধানমন্ত্রীর সঙ্গে এইচএসসি পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে জরুরি বৈঠকে অংশ নেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জানান, পরীক্ষা, প্রশ্নপত্র ও সার্বিক পরিস্থিতি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়।
উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা গ্রহণ, ১৩ জুলাইয়ের পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ—এই তিন দাবিতে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন করেন এইচএসসি পরীক্ষার্থীরা।