নিউজ প্রবাসী ডেক্স :

নিজস্ব প্রতিবেদক: হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে কওমি ধারার সাতটি ইসলামি দল ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। এ লক্ষ্যে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠকে কওমি ধারার সাতটি ইসলামি দলের প্রতিনিধিরা অংশ নেন।
সভা শেষে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান জানান, দলগুলো ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছেছে। কীভাবে সেই ঐক্য বাস্তবায়ন করা হবে, তা শিগগিরই নির্ধারণ করা হবে।
বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারাও বৈঠকে অংশ নেন।
সংশ্লিষ্ট নেতারা জানান, অতীতের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক জোটে অংশ নেওয়ায় কওমি ধারার দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। সেই বিভাজন দূর করে একটি অভিন্ন অবস্থানে পৌঁছানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, প্রতিটি দলের কাছে লিখিত প্রস্তাব চাওয়া হয়েছে। সেগুলো পর্যালোচনা করে আগামী আগস্টের শুরুতে অনুষ্ঠিতব্য বৈঠকে সম্ভাব্য ঐক্যের কাঠামো ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts