নিউজ প্রবাসী ডেক্স :
: দল থেকে বহিষ্কার করা হলেও কোনো সংসদ সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, এ ধরনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তবে জাতীয় সংসদের স্পিকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক রেফারেন্স এলে আইন ও সংবিধান অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ইসি মাছউদ জানান, শুধু কোনো রাজনৈতিক দলের বহিষ্কারের চিঠির ভিত্তিতে সংসদ সদস্যের পদ নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় না। সংবিধানের বিধান অনুযায়ী প্রয়োজনীয় রেফারেন্স পেলে নির্বাচন কমিশন শুনানি ও আইনগত পর্যালোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেবে।
সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দলীয় তদন্তে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামী বহিষ্কার করে। পরে দলটি বিষয়টি জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানাতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, বহিষ্কারের সিদ্ধান্ত স্পিকার ও নির্বাচন কমিশনকে অবহিত করতে বৃহস্পতিবারই চিঠি পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে দলীয় তদন্ত শেষে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।