নিউজ প্রবাসী ডেক্স :
গত ছয় বছরে রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় ১ হাজার ৩৮৪ জন নিহত হয়েছেন। ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত ১ হাজার ৮৪৯টি দুর্ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে। একই সময়ে আহত হয়েছেন ২ হাজার ৪৮৮ জন।
শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১ হাজার ৩৪ জন পুরুষ, ২১৯ জন নারী এবং ১৩১ জন শিশু। এছাড়া নিহতদের মধ্যে ৫৯২ জন পথচারী, ৫৩৬ জন মোটরসাইকেল আরোহী এবং ২৫৬ জন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রী।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে রাতের বেলায়। মোট নিহতের ৩৭ দশমিক ৫ শতাংশই রাতের দুর্ঘটনার শিকার হয়েছেন। সকালেও দুর্ঘটনার হার তুলনামূলক বেশি।
রোড সেফটি ফাউন্ডেশনের মতে, রাজধানীতে বাইপাস সড়কের অভাব, রাতে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল, দীর্ঘ যানজট, চালকদের অসহিষ্ণুতা, ফুটপাত দখল, ব্যবহারযোগ্য ফুটওভার ব্রিজের সংকট এবং সড়ক ব্যবহারকারীদের অসচেতনতা দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ।
প্রতিবেদনে যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ককে দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশন রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে কোম্পানিভিত্তিক বাস সার্ভিস চালু এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জোরদারের সুপারিশ করেছে।