নিউজ প্রবাসী ডেক্স :
দেশে তিন মাস পর আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বহুল ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগাস্ট মাসের জন্য নির্ধারিত নতুন মূল্য সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। নতুন হিসাবে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৩৩ টাকা ১৫ পয়সা, যা জুলাই মাসের তুলনায় ৫ টাকা ৮৫ পয়সা বেশি।
একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও লিটারপ্রতি ৩ টাকা ২৭ পয়সা বাড়িয়ে ৭৩ টাকা ৬৭ পয়সা করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের কন্ট্রাক্ট প্রাইস (সিপি) বৃদ্ধি পাওয়ায় দেশীয় বাজারে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে।
তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ দশমিক ৫ কেজির সরকারি এলপিজি সিলিন্ডারের ভোক্তা মূল্য আগের মতোই ৭৭৬ টাকা ৯৩ পয়সা বহাল থাকবে।
কমিশন আরও সতর্ক করে বলেছে, নির্ধারিত দামের বেশি মূল্যে কোনো পর্যায়েই এলপিজি বা অটোগ্যাস বিক্রি করা যাবে না।