পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশটিতে স্থানীয় ও বিদেশি সাংবাদিকদের ওপর নতুন করে বিধিনিষেধ আরোপের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস দাবি করেছে, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের ক্ষেত্র আরও সংকুচিত করছে পাকিস্তান সরকার।
প্রতিবেদনে বলা হয়, বিদেশি সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের ইসলামাবাদ, করাচি ও লাহোরের বাইরে প্রতিবেদন করতে হলে এখন সরকারি অনুমতি নিতে হবে। বিশেষ করে কাশ্মীরের পরিস্থিতি কাভারেজের পর এই বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সাংবাদিক, মানবাধিকার সংগঠন এবং কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)-এর বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি কয়েকজন সাংবাদিককে আটক, আদালতে তলব এবং কাশ্মীর থেকে বিদেশি সংবাদকর্মীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, নতুন এই বিধিনিষেধ সংবাদপত্রের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। একই সঙ্গে পাকিস্তান ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসও নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
তবে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, নতুন ব্যবস্থার মধ্যেও বিদেশি সংবাদমাধ্যমের কার্যক্রম চলবে এবং ভ্রমণ অনুমতির জন্য নতুন একটি প্রক্রিয়া চালু করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts