নিজস্ব প্রতিবেদক।।

নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘদিনের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। তিনি বলেছেন, তার অনুপস্থিতিতেও যেন দেশের মানুষ নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবিতে সোচ্চার থাকেন।
শুক্রবার ঢাকার জাতীয় নাট্যশালায় নিরাপদ সড়ক চাই আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান তিনি।
ইলিয়াস কাঞ্চন বলেন, ব্যক্তিগত জীবনের গভীর শোককে শক্তিতে পরিণত করে ১৯৯৩ সালে তিনি নিরাপদ সড়কের আন্দোলন শুরু করেছিলেন। দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে চলা এই আন্দোলন এখন কোনো ব্যক্তি বা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি দেশের সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।
১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চন নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন ইলিয়াস কাঞ্চন। পরে তার মৃত্যুর দিনটি জাতীয় সড়ক নিরাপত্তা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে ইলিয়াস কাঞ্চন বলেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে আবারও মানুষের সঙ্গে নিরাপদ সড়কের আন্দোলনে যুক্ত হওয়ার শক্তি দেন। একই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধির জন্য তিনি দোয়া করেন।
সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকসহ সমাজের সব সচেতন মানুষকে নিরাপদ সড়কের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মানুষ পরস্পরের প্রতিপক্ষ নয়; সবাই মানুষের জীবন রক্ষার সহযোদ্ধা। নিরাপদ সড়ক বাস্তবায়নের যে স্বপ্ন তিনি দেখেছেন, সেটি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
সমাবেশে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, নিরাপদ সড়কের দাবি কোনো ব্যক্তি বা সংগঠনের একক দাবি নয়, এটি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এমন একটি রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য, যেখানে নাগরিকদের মৌলিক অধিকার আদায়ে আন্দোলনে নামতে হবে না।
তিনি আরও বলেন, জাতি, ধর্ম ও বর্ণের বিভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রত্যেক নাগরিক তার ন্যায্য অধিকার পাবেন।
অনুষ্ঠানে সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts