নিউজ প্রবাসী ডেক্স :
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কুমিল্লার আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
পিবিআই জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে হাফিজুর রহমান আত্মসমর্পণ না করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ হাফিজুর রহমানকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গেলে তার জামিন বাতিল করে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাকে গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছিল।
শুক্রবার সন্ধ্যায় আত্মসমর্পণের সময়সীমা শেষ হলেও হাফিজুর রহমান আদালতে হাজির হননি। এর কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করে পিবিআই।
চলতি বছরের ২২ এপ্রিল দীর্ঘ প্রায় ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথমবারের মতো হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কুমিল্লার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, গ্রেপ্তারের পর হাফিজুর রহমানের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।
২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
দীর্ঘ সময় ধরে আলোচিত এই মামলার তদন্তে একাধিকবার অগ্রগতি ও নতুন তথ্য সামনে এলেও হত্যাকাণ্ডের রহস্য পুরোপুরি উদঘাটন হয়নি। হাফিজুর রহমানকে ফের গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে নতুন করে কী তথ্য সামনে আসে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts