নিউজ প্রবাসী ডেক্স :
চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও তা যেন পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে—এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের রাজনৈতিকভাবে সচেতন থাকা অস্বাভাবিক নয়। তবে রাজনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি না করে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, শুধু স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন করলেই কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব নয়। চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে অবহেলা বা শিথিলতা সরকারের কার্যক্রমের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যব্যবস্থার ওপরও মানুষের আস্থা ক্ষুণ্ন করে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে শত শয্যায় উন্নীত করা এবং স্বাস্থ্য কার্ড চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে। দেশের মানুষকে উন্নত চিকিৎসার জন্য যাতে বিদেশমুখী হতে না হয়, সে লক্ষ্যে একটি চিকিৎসাবান্ধব বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
চিকিৎসকদের বিভিন্ন দাবির বিষয়ে তারেক রহমান বলেন, বিশেষ ব্যবস্থায় চিকিৎসক নিয়োগ, চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা সুরক্ষা আইনসহ তাদের কিছু দাবি অযৌক্তিক নয়। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি, প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নানা সংকট ছিল বলেও উল্লেখ করেন তিনি।
জ্বালানি ও বিদ্যুৎ খাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে এসব খাতে যে সংকট তৈরি হয়েছে, তার প্রভাব এখন জনগণকে বহন করতে হচ্ছে। সংকট কাটিয়ে উঠতে সরকার ইতোমধ্যে পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে।
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানিসহ বিভিন্ন খাতকে স্বনির্ভর করতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকারের পাশাপাশি দেশের সরকারি-বেসরকারি সব চিকিৎসককেও এ কাজে সহযোগিতা করতে হবে।
সমাবেশের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান দুটি গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং কবুতর ও বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ড্যাবের সভাপতি হারুন আল রশিদের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতা ও চিকিৎসকরা বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts