নিউজ ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শরীরের হাড়সহ অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন। তিনি জানান, রোগটি অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে এবং এটি বাইডেনকে শারীরিকভাবে দুর্বল করে দিচ্ছে।

বিবিসির ‘নিউজনাইট’কে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, ক্যান্সার তাঁর বাবার হাড়সহ শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। রোগটির কারণে তিনি অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন।

শুক্রবার অনলাইনে প্রকাশিত ওই সাক্ষাৎকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে হান্টারের বক্তব্য নিয়ে শনিবার জো বাইডেনের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

২০২৫ সালের মে মাসে হোয়াইট হাউজ ছাড়ার প্রায় চার মাস পর বাইডেন জানিয়েছিলেন, তাঁর প্রোস্টেট ক্যান্সারের একটি আক্রমণাত্মক ধরন শনাক্ত হয়েছে। সে সময়ই তিনি জানিয়েছিলেন, ক্যান্সারটি হাড়ে ছড়িয়ে পড়েছে।

পরে ওই বছরের অক্টোবরে বাইডেনের মুখপাত্র জানান, তাঁর চিকিৎসায় রেডিয়েশন থেরাপি ও হরমোন থেরাপি দেওয়া হচ্ছে।

২০২০ সালের নির্বাচনে ৭৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বাইডেন দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার রেকর্ড গড়েন। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত তাঁর প্রেসিডেন্ট থাকাকালে শারীরিক সক্ষমতা ও মানসিক তীক্ষ্ণতা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও বিতর্ক হয়েছে।

চলতি বছরের জুনে শিকাগোতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। এর আগে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে বাইডেনের প্রেসিডেন্ট জীবনের স্মৃতিকথা আগামী ১৭ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts