নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর পল্লবীতে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত মো. রুবেল ওরফে ‘ল্যাংড়া রুবেল’ ও বাপ্পা ওরফে শাকিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার ঢাকার সাভার, গাজীপুর ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য তিনজন হলেন—হামিদুর ওরফে মাখন, পারভেজ ও রাব্বি।
ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান জানান, গ্রেপ্তারদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, ঘটনার সময় ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি ভক্সওয়াগন গাড়ি উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে এক হাজার ইয়াবাও উদ্ধার করা হয়।
ডিবি সূত্র জানায়, গত শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে পল্লবীতে একটি প্রাইভেটকার থেকে নেমে বিএনপি কর্মী আলমগীর হোসেনকে (৪৫) লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় আলমগীরের পাশাপাশি জোৎস্না নামে এক পথচারী নারীও গুলিবিদ্ধ হন।
আলমগীর বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জোৎস্না কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
ডিবির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গুলি চালানোর পরপরই অভিযুক্তরা ঢাকার বাইরে চলে যায়। পরে তারা বিভিন্ন রিসোর্টে অবস্থান করছিল বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।
ঘটনার পর আলমগীরের স্ত্রী বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ওই মামলায় ‘ল্যাংড়া’ রুবেলকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ ও উদ্ধার করা অস্ত্র-সরঞ্জাম নিয়ে আরও তদন্ত চলছে।