নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় ৩০০ জনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শনিবার দুপুর থেকে শুরু হওয়া অভিযানে প্রিজন ভ্যানসহ বিভিন্ন গাড়িতে করে তাদের পল্টন থানায় নেওয়া হয়।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সন্ধ্যায় বলেন, সুনির্দিষ্ট সংখ্যা এখনই বলা সম্ভব না হলেও হেফাজতে নেওয়া ব্যক্তির সংখ্যা ২৮০ থেকে ৩০০ জনের মধ্যে হতে পারে।
পুলিশের ভাষ্য, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। হেফাজতে নেওয়া ব্যক্তিদের পরিচয়, তারা কেন সেখানে জড়ো হয়েছিলেন এবং সেখানে কী ধরনের কর্মকাণ্ড হয়েছে, তা যাচাই করা হচ্ছে।
হারুন অর রশিদ বলেন, কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে। যাচাই-বাছাইয়ে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টতা না পাওয়া গেলে তাদের ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন দাবি করেন, সারাদেশ থেকে আসা প্রায় সাড়ে তিনশ নেতাকে নিয়ে কার্যালয়ে প্রতিনিধি সভা চলছিল। তার অভিযোগ, দুপুর আড়াইটার দিকে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা সেখানে হামলা চালিয়ে তাদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে জাসদ নেতাকর্মীদের আটক শুরু করে।
অন্যদিকে যুবদল নেতাদের দাবি, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই তারা সেখানে যান বলে জানান সংশ্লিষ্ট নেতারা।
পুলিশ জানিয়েছে, হেফাজতে নেওয়া ব্যক্তিদের প্রাথমিকভাবে পল্টন থানায় রাখা হয়েছে। প্রয়োজন হলে তদন্তের সুবিধার্থে তাদের অন্য থানায়ও নেওয়া হতে পারে।
হেফাজতে থাকা ব্যক্তিদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্য রয়েছেন বলে জানা গেছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালনের সময় তাকেসহ অনেককে হাতকড়া পরিয়ে পুলিশ নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts