নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের ২৩ তলায় বায়িং হাউজের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভবনটির ২৩ তলায় থাকা বায়িং হাউজের কার্যালয়ের এসি ও কম্পিউটারের সার্ভারে আগুনের সূত্রপাত হয়। বিকাল ৫টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন এবং সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
তিনি বলেন, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে ২০১৯ সালের ২৮ মার্চ একই এলাকার এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত এবং প্রায় ৭০ জন আহত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts