নিউজ প্রবাসী ডেক্স :
ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈনের ঢাকা সফর নিয়ে অযথা জল্পনা-কল্পনা না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেছেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে সরকারি পর্যায়ে এ ধরনের যোগাযোগ স্বাভাবিক। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধানও কিছুদিন আগে ভারত সফর করেছেন বলে জানান তিনি।
মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
জাহেদ উর রহমান বলেন, ‘র’-এর প্রধান সরকারি সফরেই ঢাকায় এসেছেন এবং বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। তাই এই সফরকে ঘিরে অতিরিক্ত জল্পনা-কল্পনার কোনো কারণ নেই।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী পরিবর্তন করা যায় না। তাই দুই দেশের মধ্যে যোগাযোগ ও আলোচনা চালিয়ে যেতে হবে।
তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুনভাবে বিন্যস্ত করার প্রয়োজন রয়েছে। আগে যেভাবে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রিক সম্পর্ক গড়ে উঠেছিল, ভবিষ্যতে তা না হয়ে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার হওয়া প্রয়োজন।
তিনি বলেন, দুই দেশই স্বাধীন ও সার্বভৌম। তাই নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও সেগুলো দুই দেশের মর্যাদা বজায় রেখে আলোচনা করতে হবে।
পরাগ জৈন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত রোববার সরকারি সফরে তিনি ঢাকায় আসেন। তার সঙ্গে ভারতের আরও কয়েকজন কর্মকর্তা রয়েছেন।
ব্রিফিংয়ে দেশের স্বাস্থ্য, সড়ক, রেল ও জ্বালানি খাতের বিভিন্ন অগ্রগতির কথাও তুলে ধরেন তথ্য উপদেষ্টা।
তিনি জানান, সরকারি কর্মঘণ্টায় বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য খাতে আগামী ৩০ দিনের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনার কথাও জানানো হয়েছে।
এ ছাড়া উত্তরাঞ্চলের সড়ক ব্যবস্থাপনা আধুনিক করতে বগুড়ায় নতুন সড়ক জোন চালু এবং করতোয়া নদীর ওপর শাহ ফতেহ আলী সেতু উদ্বোধনের তথ্য জানান তিনি।
রেলওয়ে বিভাগে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে ৬৩০ আসনের ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন চালুর কথাও জানানো হয়।
জ্বালানি খাতে বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি, সংরক্ষণ, পরিবহন, বিতরণ ও বিপণনের জন্য নতুন নীতিমালার খসড়া তৈরির কথাও জানান তথ্য উপদেষ্টা।