নিউজ প্রবাসী ডেক্স :
সুনামগঞ্জে হাওরের পানিতে ছয় ও চার বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় তাদের বাবা কামরুল হাসানকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার কথা তিনি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের তীর থেকে বেওয়ারিশ অবস্থায় শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ তাদের পরিচয় শনাক্ত করে।
নিহত দুই শিশু হলো দিরাই উপজেলার পেরুয়া-মধুপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসানের ছেলে মোহাদ্দিস, বয়স ছয় বছর এবং মেয়ে তুলনা আক্তার, বয়স চার বছর।
পুলিশ জানায়, সন্দেহজনক আচরণের কারণে স্থানীয় লোকজন কামরুল হাসানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সন্তান দুটিকে হত্যার বিষয়টি স্বীকার করেন তিনি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল জানিয়েছেন, সংসারে অভাব-অনটন এবং সন্তানদের ভরণপোষণ নিয়ে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে তিনি দুই শিশুকে ঘুমের ওষুধ খাওয়ান। পরে তাদের হাওরের পানিতে ফেলে দেওয়া হয়।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।