নিউজ প্রবাসী ডেক্স :
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাব পড়ছে বিশ্ব জ্বালানি বাজারে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় যুক্তরাষ্ট্রে তেলের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার নিউইয়র্কের গার্ডেন সিটিতে এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ঠেকাতে হলে মার্কিন নাগরিকদের তেলের জন্য কিছুটা বেশি দাম দেওয়ার বিষয়টি মেনে নিতে হবে। তিনি ইরানকে ‘খুবই দুষ্ট’ দেশ বলেও মন্তব্য করেন।
এদিকে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র পরাজয়ের বাস্তবতা মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালির অবরোধ চলবে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, কোনো হুমকি, যুদ্ধজাহাজ কিংবা রাজনৈতিক বক্তব্য দিয়ে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জানিয়েছেন, হরমুজ দিয়ে আবার জাহাজ চলাচলের আগে যুক্তরাষ্ট্রকে ইরানের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হয়। ফলে এই জলপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ছে। যুক্তরাষ্ট্রে এরই মধ্যে এক বছরে পেট্রলের গড় দাম প্রায় ২৯ শতাংশ বেড়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানির পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও এর প্রভাব আরও বাড়তে পারে।