নিজস্ব প্রতিবেদক
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর সড়কে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘গোলাপী বাস’ সেবা।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁও বিআরটিসির ট্রাক ডিপোতে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, অতীতের অনেক উদ্যোগের মতো গোলাপী বাসসেবা যেন কয়েক মাস পর হারিয়ে না যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।
মন্ত্রী বলেন, নারীদের বাসে ওঠার আগের অপেক্ষা থেকে শুরু করে বাসে যাতায়াত এবং গন্তব্যে নামা পর্যন্ত পুরো প্রক্রিয়াকে নিরাপদ ও যাত্রীবান্ধব করতে হবে। নারী যাত্রীরা যাতে কোনো ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি না হন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিকভাবে ১৪টি বাস দিয়ে এ সেবা শুরু হয়েছে। এর মধ্যে ঢাকার ১০টি রুটে ১০টি, চট্টগ্রামের দুটি রুটে দুটি এবং বগুড়ার দুটি রুটে দুটি বাস চলবে। ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস রয়েছে।
আগামীতে গোলাপী বাসের সংখ্যা ও রুট আরও বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, নারী চালকের মাধ্যমে বাস পরিচালনার উদ্যোগও রয়েছে। পাশাপাশি পরিবেশবান্ধব গণপরিবহন গড়ে তুলতে ২০০টি ইলেকট্রিক বাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১০০টি বাস নারীদের জন্য বিভিন্ন রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
বিআরটিসির ব্যবস্থাপনা আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শেখ রবিউল আলম। তিনি বলেন, সংস্থাটির বর্তমানে প্রায় ১ হাজার ২০০ বা তার বেশি বাস রয়েছে এবং প্রতিষ্ঠানটি বর্তমানে ব্রেক-ইভেন অবস্থায় আছে। তবে সেবার মান বাড়াতে পুরোনো ব্যবস্থাপনা ঢেলে সাজানো প্রয়োজন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সংশ্লিষ্ট সচিব, বিআরটিসির চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts