নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার এলাকায় চালু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘অটো ফাইন সিস্টেম’। এ প্রযুক্তির মাধ্যমে মহাসড়কে যানবাহনের বিভিন্ন আইন লঙ্ঘন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এআই ক্যামেরা প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন, এ প্রযুক্তি চালুর ফলে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে এবং সড়কে শৃঙ্খলা বাড়বে।
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের ওই অংশে মোট ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা হবে।
আইন অমান্যকারী যানবাহন শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। পরে নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে জরিমানার অর্থ পরিশোধ করা যাবে।
হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা চালুর ফলে ট্রাফিক আইন প্রয়োগে স্বচ্ছতা বাড়ার পাশাপাশি মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার হবে।