নিউজ প্রবাসী ডেক্স ;
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করার বিষয়ে মিয়ানমারের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বাংলাদেশ বলেছে, রোহিঙ্গারা বাঙালি নয়, তাদের নিজস্ব নৃতাত্ত্বিক পরিচয় রয়েছে।
মঙ্গলবার মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াউ সোয়ে মোয়ের সঙ্গে বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক তৌফিক-উর-রহমান।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের সাম্প্রতিক বিবৃতিতে রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে দেওয়া বিভিন্ন তথ্য ‘ভুল পরিসংখ্যাননির্ভর’। রোহিঙ্গাদের সঠিক সংখ্যা জাতিসংঘের ব্যবস্থাপনায় নিবন্ধিত তথ্যেই প্রতিফলিত হয়েছে।
বৈঠকে রোহিঙ্গাদের যাচাই-বাছাই প্রক্রিয়া দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। ক্যাম্পে জন্ম নেওয়া শিশু এবং ২০১৭ সালের পর বিভিন্ন সময়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের তথ্যও যাচাইয়ের আওতায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমানে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তথ্য মিয়ানমারকে দেওয়া হবে। নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের মাধ্যমেই এ সংকটের সমাধান সম্ভব বলে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গারা নিজেদের পরিচয় নিয়েই নিরাপদে নিজ দেশে ফিরে যাক—এটাই বাংলাদেশের প্রত্যাশা।