নিউজ প্রবাসী ডেক্স :
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হচ্ছে আগামী শুক্রবার (২১ আগস্ট)। অনলাইনে এ আবেদন করা যাবে ২৭ আগস্ট পর্যন্ত।
মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার পর স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে তথ্য যাচাই-বাছাই শেষে বদলির আদেশ দেওয়া হবে।
শিক্ষকরা নিজ জেলার শূন্যপদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের অন্য জেলার শূন্যপদেও আবেদন করার সুযোগ থাকবে। এছাড়া স্বামী বা স্ত্রীর নিজ জেলা কিংবা তারা সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেই জেলাতেও বদলির আবেদন করা যাবে।
মাউশি জানিয়েছে, চাকরিতে দুই বছর পূর্ণ হলে একজন শিক্ষক বদলির আবেদনের যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর অন্তত দুই বছর সেখানে দায়িত্ব পালন করতে হবে। এরপর পরবর্তী বদলির জন্য আবেদন করা যাবে।
তবে কোনো শিক্ষকের এমপিও স্থগিত থাকলে, তিনি সাময়িক বরখাস্ত থাকলে কিংবা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে বদলির জন্য আবেদন করতে পারবেন না। অসম্পূর্ণ বা ভুল তথ্য দেওয়া আবেদনও বিবেচনায় নেওয়া হবে না।
বদলির আদেশ জারির পর ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষককে অবমুক্ত করতে হবে। আর অবমুক্ত হওয়ার পরবর্তী ১০ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
২০২৬ সালে সংশোধিত বদলি নীতিমালা অনুযায়ী এবার আবেদন যাচাই-বাছাই করা হবে। নতুন নীতিমালায় সহকারী শিক্ষক, প্রভাষক ও সহকারী অধ্যাপকদের পাশাপাশি অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রদর্শক ও ট্রেড ইন্সট্রাক্টরদেরও সমপদের শিক্ষা প্রতিষ্ঠানে বদলির সুযোগ রাখা হয়েছে।
আবেদন করতে হবে: এনটিআরসিএর শিক্ষক বদলি সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্মে।