নিউজ প্রবাসী ডেক্স :
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নয়জনের মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন তথ্যের সন্ধান মিলেছে।
দুর্ঘটনার চারদিন পর মঙ্গলবার বিশেষজ্ঞ ও তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাকবলিত জাহাজের ব্যালাস্ট ট্যাংক থেকে বাতাস, মাটি ও পানির নমুনা সংগ্রহ করেছেন।
তবে এদিন ট্যাংকের বাতাসে হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পাওয়া যায়নি। তদন্তসংশ্লিষ্টদের ধারণা, কয়েকদিনের জোয়ারের পানি কিংবা বাতাসের কারণে গ্যাসের মাত্রা কমে যেতে পারে।
বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, দীর্ঘদিন ধরে জমে থাকা পানিতে কোনো জৈব পচনশীল পদার্থের কারণে উচ্চমাত্রার হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি হয়ে থাকতে পারে। তবে নমুনা পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত এর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
গত শুক্রবার জাহাজটির একটি ব্যালাস্ট ট্যাংক কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে নয়জনের মৃত্যু হয়।
ঘটনার পর শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জাহাজটির বাকি দুটি ব্যালাস্ট ট্যাংকেও বিষাক্ত গ্যাস রয়েছে কি না, সেটিও পরীক্ষা করা হবে।
তদন্ত কমিটির সদস্যরা বলছেন, সংগৃহীত নমুনার পরীক্ষার ফলাফল পাওয়া গেলে গ্যাসের উৎস ও দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।