নিউজ প্রবাসী ডেক্স :
চীনে অদ্ভুত এক অ্যানিমেটেড সিনেমা ঘিরে তৈরি হয়েছে ব্যাপক দর্শক আগ্রহ। নিম্নমানের অ্যানিমেশন ও কুৎসিত চরিত্রের কারণে শুরুতে সমালোচনা ও ট্রলের শিকার হলেও ‘নিউ লাই’ নামের ছবিটি শেষ পর্যন্ত বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে।
ছোট একটি বাছুরের বেড়ে ওঠার গল্প নিয়ে তৈরি সিনেমাটি মুক্তির প্রথম ১০ দিনে আয় করেছিল মাত্র ১০ হাজার ইউয়ান। কোনো কোনো দিনে টিকিট বিক্রি নেমে এসেছিল মাত্র ২০০ ইউয়ানে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটিকে নিয়ে ব্যাপক আলোচনা ও নেতিবাচক প্রচারণার পর পরিস্থিতি বদলে যায়। কয়েক দিনের মধ্যেই ছবিটির আয় বেড়ে দাঁড়ায় ১৭ দশমিক ১ মিলিয়ন ইউয়ানে, যা প্রায় ২৫ লাখ মার্কিন ডলারের সমান।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শিন ইউমেং ও তাঁর মা সুন লিফান দীর্ঘ পাঁচ বছর চেষ্টা করে সিনেমাটি তৈরি করেছেন। ছবিটির প্রচারণাতেও ছিল ব্যতিক্রমী কৌশল। পোস্টারে হাতে আঁকা একটি বাছুরের ছবি দিয়ে লেখা হয়—‘অদ্ভুত কিছু পছন্দ হলে চলে আসুন’ এবং ‘টিকিট ফেরত দেওয়া যাবে না’।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সিনেমাটিকে অত্যন্ত বাজে ও অদ্ভুত বলে মন্তব্য করেন। তবে এই সমালোচনাই শেষ পর্যন্ত তরুণদের মধ্যে কৌতূহল তৈরি করে।
বন্ধুদের মজা করে সিনেমাটি দেখতে পাঠানোর প্রবণতাও বাড়তে থাকে। ফলে যে ছবিটি শুরুতে দর্শকের অভাবে প্রায় হারিয়ে যেতে বসেছিল, সেটিই অনলাইন ট্রল ও কৌতূহলের কারণে পরিণত হয়েছে আলোচিত এক বক্স অফিস সাফল্যে।