নিউজ প্রবাসী ডেক্স :
ক্রীড়া সম্প্রচারের জগতে বিপ্লব ঘটানো ইএসপিএনের সহপ্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাড়িতে মারা যান তিনি। দীর্ঘদিন পারকিনসন রোগে ভুগছিলেন রাসমুসেন।
১৯৭৮ সালে চাকরি হারানোর পর ছেলে স্কটকে সঙ্গে নিয়ে ২৪ ঘণ্টার ক্রীড়া টেলিভিশন নেটওয়ার্ক তৈরির স্বপ্ন দেখেন তিনি। মাত্র ৯ হাজার ডলারের ক্রেডিট কার্ড ঋণ নিয়ে সেই উদ্যোগ শুরু করেন বাবা-ছেলে।
পরের বছর, ১৯৭৯ সালের ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ১৪ লাখ বাড়িতে নতুন ক্রীড়া নেটওয়ার্কটির সম্প্রচার শুরু হয়। প্রথম দিনেই প্রচারিত হয় ‘স্পোর্টসসেন্টার’। তখন নেটওয়ার্কটির নাম ছিল ‘এন্টারটেইনমেন্ট অ্যান্ড স্পোর্টস প্রোগ্রামিং নেটওয়ার্ক’; ১৯৮৪ সালে সংক্ষিপ্ত করে নাম রাখা হয় ইএসপিএন।
ইএসপিএনের প্রথম প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা হিসেবে রাসমুসেন নেটওয়ার্কটির প্রাথমিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে প্রতিষ্ঠানটির সক্রিয় দায়িত্ব থেকে সরে গেলেও ক্রীড়া সম্প্রচার ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
তার মৃত্যুর পর ইএসপিএন চেয়ারম্যান জিমি পিটারো তাকে দূরদর্শী উদ্ভাবক হিসেবে স্মরণ করেছেন। প্রতিষ্ঠানটির বর্তমান বিশাল পরিসরের পেছনে রাসমুসেনের উদ্ভাবনী চিন্তা, পরিশ্রম ও উদ্যোক্তা মানসিকতার প্রভাব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
২০২৫ সালে বিল রাসমুসেন স্পোর্টস ব্রডকাস্টিং হল অব ফেমে অন্তর্ভুক্ত হন। ক্রীড়া সম্প্রচারে তার অবদানের জন্য তাকে ‘দ্য ফাদার অব স্পোর্টস টেলিভিশন’ হিসেবেও অভিহিত করা হয়েছে।