নিউজ প্রবাসী ডেক্স :
১৪ দিনে ব্যবসায়িক লাইসেন্স ও অনুমোদন দেওয়ার লক্ষ্য
পত্রিকায় ছাপার উপযোগী নিউজ
ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত হয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থার কার্যক্রম শুরু হয়েছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পরিচালিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ এখন দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করবে। একই সঙ্গে নতুন সংস্থার লোগোও প্রকাশ করা হয়েছে।
বিডা, বেজা ও পিপিপিএকে একীভূত করে একটি জাতীয় বিনিয়োগ প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্য হলো দেশি-বিদেশি বিনিয়োগকারীদের একই জায়গা থেকে প্রয়োজনীয় সেবা ও সহায়তা দেওয়া। বিনিয়োগসেবা, সুযোগ-সুবিধা ও নীতিগত বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয় করাও হবে নতুন সংস্থার অন্যতম দায়িত্ব।
‘ইনভেস্ট বাংলাদেশ’র চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, তিনটি প্রতিষ্ঠানকে একীভূত করার উদ্দেশ্য শুধু প্রশাসনিক কাঠামো পরিবর্তন নয়; বরং বিনিয়োগকারীদের কেন্দ্র করে সরকারি সেবাকে আরও কার্যকর ও সমন্বিত করা।
তিনি বলেন, একীভূত সক্ষমতার মাধ্যমে বিনিয়োগের পুরো প্রক্রিয়ায় দায়িত্ব ও জবাবদিহি আরও স্পষ্ট করা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের আরও সমন্বিত সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনিয়োগকারীদের অনুমোদন প্রক্রিয়া এগিয়ে নেওয়া, বিনিয়োগের উপযোগী স্থান খুঁজে দেওয়া এবং ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বাধা মোকাবিলায় সহায়তা করবে ‘ইনভেস্ট বাংলাদেশ’। সংস্থাটি ‘বাংলাবিজ’ ডিজিটাল প্ল্যাটফর্মও পরিচালনা করবে।
বাংলাবিজের মাধ্যমে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসায়িক লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমতিপত্র পাওয়ার সুযোগ রয়েছে। নতুন সংস্থাটি ১৪ দিনের মধ্যে ব্যবসায়িক লাইসেন্সিং কাঠামো কার্যকর করার লক্ষ্যে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে একীভূত হওয়া তিন প্রতিষ্ঠানের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা সমমানের পদে ‘ইনভেস্ট বাংলাদেশে’ অন্তর্ভুক্ত হবেন। তাদের চাকরির ধারাবাহিকতা ও বিদ্যমান সুযোগ-সুবিধা বহাল থাকবে। পরামর্শক, আউটসোর্সিং ও দৈনিক মজুরিভিত্তিক কর্মীরা বর্তমান চুক্তি বা আদেশের শর্ত অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts