নিউজ প্রবাসী ডেক্স :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মিনহাজুল ইসলাম আইয়ুবের। লাফ দেওয়ার সময় আহত হওয়ার পর তাকে গ্রেপ্তার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
বুধবার মধ্যরাতে কুড়িগ্রাম সদর উপজেলার হলাখোনা ইউনিয়নের সন্ন্যাসী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, হত্যাসহ দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ জানায়, রাত দেড়টার দিকে আইয়ুবকে ধরতে তার বাড়ি ঘিরে ফেলে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ির ছাদ থেকে নিচে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় টিনের বেড়ায় লেগে তার দুই আঙুল কেটে যায় এবং হাড় ভেঙে তিনি আহত হন। পরে আহত অবস্থাতেই তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মিনহাজুল ইসলাম আইয়ুব কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।
কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল আহমদ জানান, জুলাই আন্দোলনে শহীদ আশিক হত্যা মামলাসহ দুটি মামলায় আইয়ুবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts