নিউজ প্রবাসী ডেক্স :
রাশিয়ার দূর পূর্বাঞ্চলীয় আমুর অঞ্চলে একটি গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন সাতজন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
নিহত জাকির হোসেনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। আর নিখোঁজ মো. আলাল হোসেন রাজুর বাড়ি মেহেরপুরের গাংনিতে।
মস্কোতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, মঙ্গলবার সভোবোদনি শহরের কাছে আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে আগুন লাগে। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে, যাদের অধিকাংশই বিদেশি নাগরিক।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মিজানুর রহমান জানান, আগুনে কিছু মরদেহ এতটাই পুড়ে গেছে যে এখনও সেগুলোর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। নিখোঁজ রাজুর মরদেহও অশনাক্ত লাশগুলোর মধ্যে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গুরুতর আহত সাত বাংলাদেশি কর্মীকে উন্নত চিকিৎসার জন্য মস্কোতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। নিহত জাকির হোসেনের মরদেহ দেশে পাঠানো এবং তার বকেয়া পাওনা ও ক্ষতিপূরণের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ দূতাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts