নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকার শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে ছিটকে পড়ে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার খেজুর বাগান সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রনজিনা পারভীন (৫৫) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ জানায়, চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে শনিবার ভোরে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে তারা রিকশায় রওনা দেন।
সকাল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে খেজুর বাগান সংলগ্ন সড়কে একটি মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী চলন্ত রিকশার কাছে এসে ওই শিক্ষিকার ব্যাগ ধরে টান দেয়। হঠাৎ টানাহেঁচড়ায় ভারসাম্য হারিয়ে রিকশা থেকে সড়কে পড়ে যান তিনি।
এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে দ্রুত উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত মোটরসাইকেল ও ছিনতাইকারীদের শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts