নিউজ প্রবাসী ডেক্স
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ যানজটে আটকে থাকার পর অ্যাম্বুলেন্সেই এক হৃদরোগী নারীর মৃত্যু হয়েছে।
নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। রাত ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছালে তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি।
প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর শনিবার ভোর সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সের মধ্যেই আমিরুন্নেছার মৃত্যু হয়।
এর আগে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের একটি সেতু সংস্কারকে কেন্দ্র করে যানজটের সৃষ্টি হয়। পরে তা দীর্ঘ হয়ে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে।
প্রায় ৫০ কিলোমিটারজুড়ে তৈরি হওয়া এ যানজটে হাজার হাজার যানবাহনের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।