নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর গুলশানে কথিত ঘুষ হিসেবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের কার্যক্রম আবারও পিছিয়ে গেছে। মামলার এক আসামির বিরুদ্ধে উচ্চ আদালতের দেওয়া স্থগিতাদেশের কারণে আগামী বছরের ১১ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলার কার্যক্রম উচ্চ আদালত স্থগিত করায় শুনানি আর এগোয়নি।
আদালতের স্ট্রেনোগ্রাফার সোহানুর রহমান জানান, মোশাররফ হোসেনের আইনজীবী স্থগিতাদেশের বিষয়টি আদালতকে অবহিত করে সময়ের আবেদন করেন। পরে বিচারক অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১১ জানুয়ারি দিন নির্ধারণ করেন।
দুদকের প্রসিকিউটর মীর আহম্মেদ আলী সালাম বলেন, মামলার একাধিক আসামির মধ্যে একজনের বিষয়ে আগে থেকেই তদন্ত কার্যক্রম স্থগিত রয়েছে। পরে মোশাররফ হোসেনও উচ্চ আদালত থেকে বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ পান। এ অবস্থায় আদালত স্থগিতাদেশ প্রত্যাহারের উদ্যোগ নিতে দুদককে নির্দেশ দিয়েছেন। দুদক এ আদেশের বিরুদ্ধে আপিল করবে বলেও জানান তিনি।
দুদকের অভিযোগ অনুযায়ী, ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে অবৈধ সুবিধা হিসেবে একটি ফ্ল্যাট গ্রহণের ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়।
তদন্ত শেষে খসরুজ্জামানকে বাদ দিয়ে টিউলিপ সিদ্দিক ও মোশাররফ হোসেনের বিরুদ্ধে গত ১৩ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। পরে আদালত অভিযোগপত্র গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।
মামলার এজাহারে দুদকের দাবি, গুলশানের একটি লিজ নেওয়া প্লটের মালিকানা, বিভাজন ও হস্তান্তরের ক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটানো হয়। ওই জমিতে নির্মিত ভবনের ৩৬টি ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তরের অনুমোদন দেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
দুদকের ভাষ্য, ইস্টার্ন হাউজিংকে প্রয়োজনীয় সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রভাব খাটানোর বিনিময়ে টিউলিপ সিদ্দিক বিনামূল্যে একটি ফ্ল্যাট গ্রহণ করেন। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা করা হয়েছে।
এর আগে পূর্বাচলে প্লট বরাদ্দসংক্রান্ত জালিয়াতির তিন মামলায় টিউলিপ সিদ্দিকের দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts